South east bank ad

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

 প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন   |   মন্ত্রণালয়

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
এইচএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে শিক্ষা প্রশাসন। গত পাঁচ বছরের ফলাফল পর্যালোচনা করে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে শোকজ, পাঠদানের স্বীকৃতি বাতিল ও এমপিও বন্ধের মতো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।
এ জন্য প্রতিষ্ঠানপ্রধানদের ডেকে ব্যাখ্যা চাইবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড। আগামী এক সপ্তাহের মধ্যে এসব প্রতিষ্ঠানের বিষয়ে প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

আন্তশিক্ষা বোর্ড ও ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪২।
২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ৬৫-তে। ২০২৫ সালে এ সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে হয় ২০২। সর্বশেষ ২০২৬ সালে ২৯৩টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অর্থাৎ টানা চার বছর ধরে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে।

আন্তশিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, শূন্য পাস করা প্রতিষ্ঠানপ্রধানদের শিক্ষা বোর্ডে ডেকে সাক্ষাৎকার নেওয়া হবে। প্রয়োজনে শিক্ষকদের সঙ্গেও কথা বলবেন বোর্ড কর্মকর্তারা। এ সময় গত পাঁচ বছরের শিক্ষা কার্যক্রমের পরিসংখ্যান চাওয়া হবে। এসব তথ্য পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

আন্তশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানান, পাঁচ বছরে একবার কোনো প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল করলে শোকজ করা হবে।
একই সময়ে দুবার এমন ঘটনা ঘটলে পাঠদানের স্বীকৃতি বাতিল করা হবে। আর তিনবার ঘটলে বন্ধ করা হবে প্রতিষ্ঠানের এমপিও। তবে শিক্ষকদের এমপিও বন্ধ হবে না; তাঁদের অন্য প্রতিষ্ঠানে বদলির সুপারিশ করা হবে।

 
BBS cable ad