শিরোনাম

South east bank ad

পাংশা মডেল থানা পুলিশের অভিযানে চাঞ্চল্যকর শিক্ষক হত্যা মামলার ০৫ জন আসামী গ্রেফতার ও অস্ত্র উদ্ধার

 প্রকাশ: ০৬ মে ২০২৩, ০২:৪০ অপরাহ্ন   |   থানার কথা

পাংশা মডেল থানা পুলিশের অভিযানে চাঞ্চল্যকর শিক্ষক হত্যা মামলার ০৫ জন আসামী গ্রেফতার ও অস্ত্র উদ্ধার
রাজবাড়ী জেলার পাংশা থানার পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান মুকু গত ইং ৩০/৪/২৩ তারিখ হোসেনডাঙ্গা বাজারে তার সারের দোকানের হালখাতা শেষে রাত ০৯:০০ টার সময় ব্যাক্তিগত মোটর সাইকেলে বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে বলাই বিশ্বাসের বাড়ির সামনে রাস্তা ভাঙ্গা থাকায় মোটরসাইকেল এর গতি কমালে আগে থেকেই ওৎ পেতে থাকা আনুমানিক ০৮/১০ জন ছিনতাইকারী টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তার গতিরোধ করে।

 তার নিকট টাকা না পেয়ে ছিনতাইকারীরা মিজানুরের সাথে বাদানুবাদে লিপ্ত হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে আগ্নেয়াস্ত্র দিয়ে কাছ থেকে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। সাথে সাথে মিজানুর মাটিতে লুটিয়ে পড়ে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে মিজানুরকে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। 

সংবাদ প্রাপ্তিতে পাংশা থানার রাত্রিকালিন টহল পুলিশ দল ঘটনাস্থলে যায় এবং অনুসন্ধান শুরু করে। এ সংক্রান্তে নিহত মিজানুরের স্ত্রী শাহানারা বেগম পাংশা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 তদন্তকালে রাজবাড়ী জেলার  পুলিশ সুপার জনাব এম এম শাকিলুজ্জামান এর সার্বিক দিক নির্দেশনায় পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব সুমন কুমার সাহার তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান ও এসআই দীপংকর কুন্ডু, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত আসামীদের গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে ০১টি দেশীয় একনলা বন্দুক ও ২ পিস তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিরা সবাই এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামী গ্রেফতার ও আলামত উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এ সংক্রান্তে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন জনাব এম এম শাকিলুজ্জামান পুলিশ সুপার, রাজবাড়ী । এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ রেজাউল করিম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) জনাব সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।
BBS cable ad