বড়দিন উপলক্ষে চাওয়া হয়েছিল দুই কোটি, প্রধানমন্ত্রী দিলেন তিন কোটি টাকা
খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উদ্যাপনে দুই কোটি টাকা অনুদান চেয়েছিল খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। তবে আবেদনের চেয়ে এক কোটি টাকা বাড়িয়ে তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এ-সংক্রান্ত একটি সারসংক্ষেপে অনুমোদন দেন প্রধানমন্ত্রী।
এতে বড়দিন উদ্যাপনের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে তিন কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন ২০২৬’ উদ্যাপিত হবে।
এ উপলক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান দেওয়ার প্রস্তাব করা হয়েছিল।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সারসংক্ষেপে বলা হয়, বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান প্রয়োজন।
এতে আরও বলা হয়, ২০২৬ সালে বড়দিন উদ্যাপন উপলক্ষে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুকূলে দুই কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন চাওয়া হয়।
তবে প্রস্তাবিত দুই কোটি টাকার পরিবর্তে এক কোটি টাকা বাড়িয়ে মোট তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


