শিরোনাম

South east bank ad

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করার নির্দেশ

 প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করার নির্দেশ

মঙ্গলবার (২১ জুলাই) প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা আরও সহজ, দ্রুত ও অগ্রাধিকারভিত্তিতে নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

আজ মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে প্রবাসী কল্যাণমন্ত্রী ভূমি অফিসে প্রবাসীদের জন্য প্রাধান্যভিত্তিক সেবা (Priority Service), প্রবাসী ডেবিট কার্ডের মাধ্যমে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ, নামজারি ও মিউটেশনসহ অন্যান্য ভূমি সেবা দ্রুত সম্পন্ন, প্রবাসী কর্নার/সহায়তা ডেস্ক স্থাপন এবং পাওয়ার অব অ্যাটর্নি দলিল সম্পাদনে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানান।

জবাবে ভূমিমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসীদের সামাজিক মর্যাদা নিশ্চিত করতে প্রবাসী কার্ড চালু করা হচ্ছে। এ কার্ডধারীদের জন্য ভূমি-সংক্রান্ত সব সেবা অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে।

এ ছাড়া প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে মন্ত্রণালয়ে একটি ফোকাল পয়েন্ট নির্ধারণের নির্দেশও দেন তিনি।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, দুই মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





BBS cable ad