শিরোনাম

South east bank ad

আজ খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

 প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন   |   প্রধানমন্ত্রী

আজ খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
মোংলা বন্দর সম্প্রসারণ এবং প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন পরিদর্শনসহ একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দিতে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাট সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা প্রধানমন্ত্রীর।
পরে সকাল ৯টায় সেখান থেকে হেলিকপটারযোগে সুন্দরবন যাবেন তিনি।

সকাল ১০টা নাগাদ তিনি আকাশপথে হিরণ পয়েন্ট সংলগ্ন সুন্দরবন এলাকা পরিদর্শন করবেন।

আকাশপথে পরিদর্শন শেষে সকাল সাড়ে ১০টায় খুলনা জেলার দাকোপ উপজেলায় অবস্থিত নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন সরকারপ্রধান।

সেখান থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাট জেলার বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করবেন তিনি।
দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে তিনি ওয়ার্ডরুমের উদ্দেশে যাবেন।

সেখানে মধ্যাহ্ন বিরতির পর দুপুর পৌনে ২টায় ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত এক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শনের পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর বিকেল সোয়া ৩টায় তিনি প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন এলাকা ঘুরে দেখবেন।

দিনব্যাপী এসব সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। বিকেল ৫টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, সফরকালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে থাকবেন।

এদিকে, সরকারপ্রধানের এই আগমনকে কেন্দ্র করে এরই মধ্যে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
BBS cable ad

প্রধানমন্ত্রী এর আরও খবর: