দুদকের দুই মামলায় সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানসহ ১১ জন
সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার, চট্টগ্রামের ব্যবসায়ী এবং জনতা ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ মোট ১২ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৯ নভেম্বর) দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
দুদক সূত্রে জানা গেছে, হবিগঞ্জের সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আবু জাহিরের স্ত্রী আলেয়া আক্তারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে। দুদকের সিলেট বিভাগীয় কার্যালয় ও হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের পাঠানো নথিপত্র পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্য মামলায় চট্টগ্রামের মেসার্স মডার্ন স্টিল মিলস লিমিটেডের চেয়ারম্যান মো. আলাউদ্দিন, পরিচালক মারজানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, শেয়ারহোল্ডার সাইয়েদা নুসরাত রহমান ও পরিচালক মোহাম্মদ শফিউল আসগরকে অভিযুক্ত করা হয়েছে।
এ ছাড়া জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা মো. আব্দুর রহিম, সিনিয়র অফিসার কাজী আবুল কাশেম, প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ মুহিব উল্লাহ, এজিএম মো. নুরুল মোস্তফা, এজিএম মো. আবুল মনছুর এবং সাময়িক বরখাস্ত ডিজিএম মোহাম্মদ মোবারুকুল ইসলাম এ মামলার আসামি হচ্ছেন।
তাদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪২০, ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪০-এর ৫(২) ধারায় মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও সমন্বিত জেলা কার্যালয়-১-এর অনুসন্ধান প্রতিবেদন পর্যালোচনা করে কমিশন এ অনুমোদন দেয়। সংশ্লিষ্ট কার্যালয়গুলোকে এজাহার দায়ের, তদন্ত কর্মকর্তা নিয়োগ এবং প্রয়োজনীয় নথি কমিশনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।


