সিসিকের পরিচ্ছন্নতা কর্মীদের ৪১ লাখ ৩৫ হাজার টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪১ লাখ ৩৫ হাজার টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২২ মে) সন্ধ্যায় গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে অনুদানের চেক নেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
এ সময় প্রধানমন্ত্রী সাম্প্রতিক সিলেট সফরের প্রসঙ্গ তুলে নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যের প্রশংসা করেন। তিনি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সিলেটের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের ধারাবাহিকতা বজায় রাখতে সিসিক প্রশাসনের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক নেতা। তিনি সব সময় সাধারণ মানুষের সুখ-দুঃখের বিষয়গুলো গভীরভাবে উপলব্ধি করেন এবং তাদের পাশে দাঁড়ান।
পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উদযাপনে এ অনুদান তার মানবিক নেতৃত্বের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, সিলেট নগরীর উন্নয়ন ও নগরবাসীর কল্যাণে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক।
সিলেটকে আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত নগর হিসেবে গড়ে তুলতে তিনি বিভিন্ন সময় প্রয়োজনীয় দিকনির্দেশনা, উৎসাহ ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এ অনুদানে পরিচ্ছন্নতা কর্মীরা আরও উৎসাহিত হবেন এবং তাদের কাজের গতি ও মনোবল বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের ১৩টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ উপহার হিসেবে অনুদান দেন।
এ সময় এলজিইডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও ১৩ সিটি কর্পোরেশনের প্রশাসকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটের উন্নয়নে অব্যাহত সহযোগিতা ও পরিচ্ছন্নতা কর্মীদের জন্য দেওয়ায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
চলতি বছরের পবিত্র ঈদুল ফিতরেও সিলেটসহ দেশের সব সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় প্রত্যেক কর্মীকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। ঈদুল ফিতরের ধারাবাহিকতায় এবারও ঈদুল আজহা উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের মুখে হাসি ফোটাতে অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।


