South east bank ad

কালাইয়ের ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

 প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন   |   দেশ

কালাইয়ের ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

জয়পুরহাটের কালাই উপজেলায় দায়ের করা একটি মাদক মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রশিদকে (৫৬) রাজধানী ঢাকার হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই সাজাপ্রাপ্ত আসামিকে তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে হাতিরঝিলের মধুবাগ এলাকা থেকে আটক করা হয়।

গ্রেপ্তার কালাই পৌরশহরের সড়াইল মহল্লার আব্দুস সাত্তারের ছেলে। আজ রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কালাই থানার ওসি মো. রফিকুল ইসলাম।

কালাই থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, ২০১৬ সালের ১৫ মার্চ মাদক বিক্রির অভিযোগে আব্দুর রশিদকে মাদকসহ গ্রেপ্তার করে কালাই থানা পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কার্যক্রম শেষে তৎকালীন তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘদিন ধরে সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে চলতি বছরের ২ জানুয়ারি আব্দুর রশিদ আদালতে অনুপস্থিত থাকায় দায়রা জজ আদালতের বিচারক তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।

তিনি আরো জানান, সাজা ঘোষণার পর থেকেই আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।
পরে কালাই থানা পুলিশের একটি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় রাজধানীর হাতিরঝিল থানাধীন মধুবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের পর রবিবার দুপুরে তাকে কালাই থানায় আনা হয় এবং আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

BBS cable ad