দক্ষিণখানে চাঁদা না দেওয়ায় গুলি, পিস্তলসহ গ্রেপ্তার ৪
রাজধানীর দক্ষিণখানে চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে মারধর ও গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দক্ষিণ আজমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইমউদ্দিন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– সাজু মজুমদার (২৮), অন্তর রহমান অনু (২২), পারভেজ (২২) ও বাবু সেন্টু (২৫)।
ওসি ফইমউদ্দিন জানান, গত ৪ সেপ্টেম্বর দক্ষিণখান থানার মুক্তিযোদ্ধা রোডের আজমপুর এলাকায় নির্মাণাধীন একটি রাস্তার ওপর শাহিন (২৮) নামে এক ব্যক্তির পথরোধ করে কয়েকজন চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়।
একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যান তারা। এ ঘটনায় দক্ষিণখান থানায় মামলা হয়।
মামলার তদন্তে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এজাহারভুক্ত আসামিদের শনাক্তের চেষ্টা চালায় পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহের ভালুকা ও জামালপুরের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে সাজু মজুমদার, অন্তর রহমান অনু ও পারভেজকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন ঘটনার সময় ব্যবহৃত অস্ত্র সম্পর্কে তথ্য দেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার দক্ষিণ আজমপুরের একটি চারতলা ভবনের চতুর্থ তলায় অভিযান চালানো হয়।
এসময় ওই ভবনের একটি ফ্ল্যাটের ভাড়াটিয়া বাবু সেন্টুর শয়নকক্ষ থেকে একটি কালো রঙের ক্রসবডি ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।


