আইজিপির সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, পারস্পরিক সহযোগিতার আগ্রহ
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রাশিয়ান নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থাসহ বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতে রাশিয়ান রাষ্ট্রদূত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োজিত রাশিয়ান নাগরিকদের নিরাপত্তা এবং ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
এ জন্য তিনি আইজিপিকে ধন্যবাদ জানান।
এ সময় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।
রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূতের এ আগ্রহকে স্বাগত জানান আইজিপি মো. আলী হোসেন ফকির। তিনি দুই দেশের উচ্চ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে নিয়মিত সংলাপ, উত্তম চর্চা ও তথ্য বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া সাইবার নিরাপত্তা এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সক্ষমতা বৃদ্ধিসহ নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ প্রদানে রাশিয়ান ফেডারেশনের সহযোগিতা কামনা করেন আইজিপি।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


