শিরোনাম

South east bank ad

ডিজিটাল সেবায় রূপান্তরই সরকারের লক্ষ্য: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

 প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন   |   মন্ত্রী

ডিজিটাল সেবায় রূপান্তরই সরকারের লক্ষ্য: তথ্যপ্রযুক্তিমন্ত্রী
আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, নাগরিকের জন্য সরকারি সেবা সহজ, দ্রুত, স্বচ্ছ ও সহজলভ্য করাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বাকুতে ‘UN Governance Innovation Summit: Advancing Future-Ready Institutions’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের অষ্টম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারি সেবা অনলাইনে নিয়ে আসাই ডিজিটাল রূপান্তর নয়। এর সফলতা নির্ভর করে নাগরিকের জন্য সেবা কতটা সহজ ও কার্যকর হয়েছে তার ওপর। শুধু প্রযুক্তি দিয়ে সরকারি প্রশাসনে পরিবর্তন আনা সম্ভব নয়। এ জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা, দক্ষ জনবল ও জনগণের আস্থা নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, নতুন প্রযুক্তি চালুর আগে বিদ্যমান প্রশাসনিক প্রক্রিয়া পর্যালোচনা, অপ্রয়োজনীয় ধাপ কমানো, প্রতিষ্ঠানের দায়িত্ব নির্ধারণ এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে।

আলোচনায় তিনটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। এগুলো হলো—জবাবদিহি ও সমন্বয়সম্পন্ন সক্ষম প্রতিষ্ঠান, প্রযুক্তি ব্যবহারে দক্ষ জনবল এবং ডেটা সুরক্ষা, সাইবার নিরাপত্তা ও অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে জনগণের আস্থা অর্জন।

মন্ত্রী বলেন, প্রযুক্তিকে নাগরিকের ওপর চাপিয়ে দেওয়া যাবে না; বরং সরকারি ব্যবস্থাকেই নাগরিকের প্রয়োজন অনুযায়ী গড়ে তুলতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ প্রশাসনিক সংস্কার ও প্রযুক্তিগত উদ্ভাবন একসঙ্গে এগিয়ে নিচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার প্রশাসনকে আরও দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে পারে।

তিনি আরও বলেন, কাগজনির্ভর পদ্ধতিকে শুধু অনলাইনে স্থানান্তর না করে নাগরিকের চাহিদা অনুযায়ী পুরো সেবা-প্রক্রিয়া নতুন করে সাজানো হচ্ছে। এর ফলে অপ্রয়োজনীয় ধাপ কমার পাশাপাশি সরকারি সেবায় দক্ষতা ও জবাবদিহি বাড়বে।

অধিবেশনে বাংলাদেশের মন্ত্রী ছাড়াও লেসোথো, মৌরিতানিয়া ও মেক্সিকোর প্রতিনিধিরা অংশ নেন। অধিবেশনটি সঞ্চালনা করেন আজারবাইজানের প্রেসিডেন্টের অধীন পাবলিক সার্ভিস ও সোশ্যাল ইনোভেশনবিষয়ক রাষ্ট্রীয় সংস্থার (SAPSSI) উপ-চেয়ারম্যান জেহুন সালমানভ।

সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ভবিষ্যৎ উপযোগী প্রতিষ্ঠান গঠন, প্রশাসনিক উদ্ভাবন এবং জনসেবায় প্রযুক্তির কার্যকর ব্যবহার নিয়ে মতবিনিময় করেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: