৭ নভেম্বর স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার ঐতিহাসিক দিন: দুলু
লালমনিরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে ৭ নভেম্বর একটি ঐতিহাসিক ঘটনা।
শনিবার (৭ নভেম্বর) সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখেন। একই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, বিএনপি মানেই গণতন্ত্র, বিএনপি মানেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে গণতন্ত্র ও উন্নয়নের ধারা আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আসাদুল হাবিব দুলু জানান, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী লালমনিরহাট সফর করবেন। এ সময় তিনি খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং জেলার ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় করবেন।
জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।
পরে মন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত র্যালির উদ্বোধন করেন। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


