শেখ হাসিনাকে দেশে আসার টিকিট দেওয়ার প্রস্তাব তথ্য প্রতিমন্ত্রীর
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। প্রয়োজনে দেশে ফেরার টিকিট দেওয়ার প্রস্তাবও দিয়েছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) ময়মনসিংহের নান্দাইলের চণ্ডীপাশা স্কুল মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শেখ হাসিনাকে উদ্দেশ করে প্রতিমন্ত্রী বলেন, মানুষ হত্যা করে পালিয়ে গিয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে হুংকার দিয়ে লাভ নেই। গোপনে নয়, দেশে ফিরে আসুন। প্রয়োজনে আমরা টিকিট দিয়ে দেব।
তিনি বলেন, বিগত বছরগুলোতে মানুষের ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, গুম-খুন এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে নারী-শিশুসহ মানুষের রক্ত ঝরানোর ঘটনায় জড়িতদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে। পলাতকদের হ্যান্ডকাফ পরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে কোনো ষড়যন্ত্র বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করতে হবে। সন্দেহজনক কাউকে দেখলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
নান্দাইলের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, এলাকায় ইতোমধ্যে ১৮৬টি রাস্তা ইটের সোলিং করা হয়েছে। আরও ১০৪টি রাস্তার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন রাস্তা সংস্কারের অনুদান আনা হয়েছে। গৃহহীনদের জন্য ৩৬টি ঘর দেওয়া হয়েছে এবং চলতি বছর আরও ১০৪টি ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জাহাঙ্গীরপুর ও চরবেতাগৈর সেতু নির্মাণ এবং ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন অনুমোদনের প্রক্রিয়া চলছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের মতামত ও জরিপের ভিত্তিতে বিএনপি সমর্থিত প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।


