শিরোনাম

South east bank ad

দেশের স্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করতে সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান পর্যটন মন্ত্রীর

 প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন   |   মন্ত্রী

দেশের স্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করতে সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান পর্যটন মন্ত্রীর
রবিবার(১৪ জুন) সরকারি কর্মচারীদের কোনো দলের জন্য নয়, বরং দেশের স্বার্থে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এমপি।

রোববার সকাল ১০টায় মানিকগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ আরও এগিয়ে যাবে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের আগের যেকোনো সময়ের তুলনায় আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে এ আন্দোলনে অংশ নিতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন তিনি।

শিশুদের সুস্থ বিকাশ ও বিনোদনের স্বার্থে জেলার খেলার মাঠগুলো সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থনের কারণেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। এ সময় সরকারি কর্মচারীদের উদ্দেশে তিনি পুনর্ব্যক্ত করেন, কোনো দলের জন্য নয়, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সভায় মানিকগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: