শিরোনাম

South east bank ad

জুলাই দেশের সব মানুষের অর্জন, কোনো একক দল বা গোষ্ঠীর নয়: সমাজকল্যাণমন্ত্রী

 প্রকাশ: ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন   |   মন্ত্রী

জুলাই দেশের সব মানুষের অর্জন, কোনো একক দল বা গোষ্ঠীর নয়: সমাজকল্যাণমন্ত্রী
সোমবার (৩ আগস্ট) মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জুলাই কোনো একটি দল, গোষ্ঠী বা গ্রুপের অর্জন নয়; এটি এ দেশের সব মানুষের অর্জন। দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষা ও সংগ্রামের মধ্য দিয়েই এ অর্জন এসেছে।

আজ জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গত ১৭ বছরে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন জিয়া পরিবার ও বিএনপির নেতাকর্মীরা। তিনি অভিযোগ করেন, ইলিয়াস আলীর মতো শত শত নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন, যাদের অনেকেরই এখনো সন্ধান মেলেনি।

তিনি আরও বলেন, স্বৈরাচারী শক্তি এখনো দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়। এ ধরনের বিভাজন দেশের জন্য দুর্ভোগ ডেকে আনবে উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জুলাই আন্দোলনের শহীদ ও অঙ্গহানির শিকার যোদ্ধাদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে কাজ করছে।

আলোচনা সভায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা বলেন, জুলাই যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক সম্পদে পরিণত না হয়। তারা প্রকৃত জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান জানানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী। এছাড়া সংগঠনের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: