সাইবার নিরাপত্তায় চীনের সঙ্গে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ
সাইবার নিরাপত্তা, সাইবার অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় চীনের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার করেছে বাংলাদেশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে রাষ্ট্রদূত জানান, গত দুই বছরে চীন বাংলাদেশের ১০০-এর বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে সাইবার ক্রাইমসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশে বিশেষায়িত সাইবার সিকিউরিটি ইউনিট ও ডিজিটাল ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় চীনের সাইবার ল্যাব ও প্রযুক্তি পরিদর্শনে সিআইডির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল চীনে পাঠানোর কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশে কর্মরত চীনা নাগরিক, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।


