শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ
তিন দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস সুনয়না। গতকাল শুক্রবার জাহাজটি বন্দরে পৌঁছালে নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডারের চিফ স্টাফ অফিসার ভারতীয় জাহাজের কমান্ডিং অফিসার, অন্যান্য কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর একটি চৌকস ব্যান্ড দল ঐতিহ্যবাহী রীতিতে জাহাজটিকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায়। অভ্যর্থনা অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সফরকালে জাহাজের কমান্ডিং অফিসার এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের নেভাল অ্যাডভাইজারের সমন্বয়ে একটি প্রতিনিধিদল চট্টগ্রাম নৌ-অঞ্চলের কমান্ডার, কমান্ডার বিএন ফ্লিট, এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফরের অংশ হিসেবে ভারতীয় জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি ও নৌযানসমূহ পরিদর্শন করবেন। এর পাশাপাশি তারা চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখবেন। একইভাবে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও ভারতীয় নৌযানটি পরিদর্শন করবেন। ভারতীয় নৌবাহিনীর জাহাজটি আগামীকাল ১০ মে বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।


