‘বাংলাদেশে জলবায়ু সহিষ্ণুতা অর্জনে গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
পটুয়াখালী জেলায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে ‘বাংলাদেশে জলবায়ু সহিষ্ণুতা অর্জনে গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
আজ ৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আয়োজিত কর্মশালার শুভ উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব জনাব মাহবুবা ফারজানা মহোদয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক জনাব মুহম্মদ হিরুজ্জামান, এনডিসি মহোদয়। প্রশিক্ষণ কর্মশালায় পটুয়াখালী জেলার ২৫ জন প্রবীণ ও নবীন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করছেন।
জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ, বিশেষত উপকূলীয় ও প্রান্তিক জনগোষ্ঠী, নানাবিধ জলবায়ুজনিত ঝুঁকি ও সংকটের সম্মুখীন হচ্ছে। এ প্রেক্ষাপটে স্থানীয় জনগোষ্ঠীকে জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঝুঁকি মোকাবিলা ও সহিষ্ণুতা অর্জনের বিষয়ে সচেতন করতে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উপকূল ও প্রান্তিক জনগোষ্ঠীর বাস্তব সমস্যা, জলবায়ুজনিত সংকট এবং এসব সংকট মোকাবিলায় তাদের অভিযোজন ও টিকে থাকার কৌশলসমূহ তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে ধরার ওপর কর্মশালায় গুরুত্বারোপ করা হয়। এসময় প্রধান অতিথি পরিবেশবান্ধব, টেকসই ও সচেতন জীবনযাপনের সামগ্রিক দর্শনকে ধারণ করে জেলা প্রশাসন, পটুয়াখালীর উদ্ভাবনী উদ্যোগ ‘Green Thyself’ ধারণা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। এ সময় 'Green Thyself’ এর লিফলেট ও ব্যাজ বিতরণ করা হয়।


