সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে ভোটগ্রহণ শুরু
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের দুদিনব্যাপী নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সমিতির অডিটোরিয়ামে বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে এ ভোটগ্রহণ শুরু হয়।
দুদিনব্যাপী এ নির্বাচনে প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নির্বাচনে ১৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪০ জন।
মোট ১১ হাজার ৯৭ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করছেন।
প্রতি বছর হওয়ার কথা থাকলেও আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার প্রায় দুই বছরের মাথায় অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে মাঠে রয়েছে তিনটি প্যানেল।
সেগুলো হলো– সরকার (বিএনপি) সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল, বিরোধী দল (জামায়াত) সমর্থক আইনজীবী ঐক্য প্যানেল এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেল।
যদিও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা মনোনয়ন জমা দিয়েছিলেন।
কিন্তু বাছাইয়ে তাদের মনোনয়ন টেকেনি। কারণ হিসেবে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানকারীদের লিখিত আবেদন ও সাধারণ আইনজীবীদের আপত্তির কারণে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে অংশ নিতে পারছেন না।
অপরদিকে আওয়ামী সমর্থকরা বলছেন, বারের গঠনতন্ত্র ও নিয়ম ভঙ্গ করে অ্যাডহক কমিটি যাচাই-বাছাই না করে ৪০ জনের বেশি প্রার্থীকে নির্বাচন থেকে দূরে সরিয়েছে, যা অসাংবিধানিক ও ন্যায়বিচার পরিপন্থি। সবশেষে তারা শান্তিপূর্ণভাবে ভোট বর্জনে সাধারণ আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিএনপি সমর্থিত প্যানেল
বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, দুটি সহসভাপতি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, সম্পাদক পদে মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান, দুটি সহসম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাতটি সদস্য পদে এ কে এম আজাদ হোসেন, এইচ এম সানজিদ সিদ্দিকী, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া, রিপন কুমার বড়ুয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী প্রার্থী হয়েছেন।
জামায়াত সমর্থিত প্যানেল
জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলে সভাপতি পদে আবদুল বাতেন, দুটি সহসভাপতি পদে আব্দুল হক ও মইনুদ্দিন ফারুকী, সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার, কোষাধ্যক্ষ পদে এস এম জাহাঙ্গীর আলম, দুটি সহসম্পাদক পদে মো. তারিকুল ইসলাম ও যোবায়ের আহমদ ভুইয়া প্রার্থী হয়েছেন।
সাতটি সদস্য পদে আজিম উদ্দিন পাটোয়ারী, ফারজানা খানম, ইসরাত জাহান অনি, মো. ফয়েজউল্লাহ, মো. জুবায়ের টিটু, মাহমুদুল হাসান ও মোহাম্মদ নঈম উদ্দিন লিংকন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এনসিপি সমর্থিত প্যানেল
এনসিপি সমর্থিতরা আংশিক প্যানেল দিয়েছেন। এর মধ্যে সম্পাদক পদে আজমল হোসেন বাচ্চু, সহসম্পাদক পদে মোস্তফা আসগর শরীফী এবং সদস্য পদে আমিনা আক্তার লাভলী, কাজী আকবর আলী, মো. বনি আমিন ও মাজহারুল ইসলাম প্রার্থী হয়েছেন।
প্যানেলের বাইরে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ, সম্পাদক পদে ফরহাদ উদ্দিন ভুইয়া, মো. আবু ইয়াহিয়া দুলাল, মো. ওমর ফারুক, মোহাম্মদ আশরাফ উজ-জামান খান, সদস্য পদে মো. জোবায়ের তায়েব ও তপন কুমার দাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে আওয়ামী সমর্থকরা না থাকায় মূলত লড়াই হবে সরকার সমর্থক ও বিরোধী দলের সমর্থকদের মধ্যে।
নির্বাচন পরিচালনার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে নির্বাচন উপকমিটি গঠন করা হয়েছে।
সবশেষ নির্বাচন
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের আগে ২০২৪ সালের মার্চের দ্বিতীয় সপ্তাহে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি হন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আর সম্পাদক পদে নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থী শাহ মঞ্জুরুল হক। এছাড়া আরও পাঁচটি পদে বিএনপি সমর্থিত প্রার্থী ও সাতটি পদে আ.লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হন।


