শিরোনাম

South east bank ad

প্রাথমিক শিক্ষকদের এআই প্রশিক্ষণ দেওয়া হবে: ববি হাজ্জাজ

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন   |   মন্ত্রী

প্রাথমিক শিক্ষকদের এআই প্রশিক্ষণ দেওয়া হবে: ববি হাজ্জাজ
প্রাথমিক শিক্ষকদের প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক শিক্ষা প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, শিক্ষার ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর। তবে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে শিক্ষকদের দক্ষ করে তুলতে হবে। প্রযুক্তি কখনো শিক্ষকের বিকল্প নয়; বরং এটি শিক্ষকের সক্ষমতা বাড়ানোর কার্যকর হাতিয়ার।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম কর্মসূচির অংশ হিসেবে Education House at UNGA 81 আয়োজিত ‘Empowering Teachers in Low-Resource Classrooms to Co-Design EdTech for Student-Centered Learning’ শীর্ষক বৈশ্বিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, স্বল্প-সম্পদসম্পন্ন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শেখার সুযোগ আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে প্রযুক্তির যথাযথ ব্যবহার প্রয়োজন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শুধু প্রযুক্তি ব্যবহার করবেন না, শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী তা কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়েও উদ্ভাবনী ভূমিকা রাখবেন।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ, শ্রেণিকক্ষের বাস্তবতা, শিক্ষার্থীদের শেখার ফলাফল এবং স্থানীয় প্রয়োজনকে সমান গুরুত্ব দিতে হবে। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও অংশীদারদের সহযোগিতায় বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় কার্যকর প্রযুক্তিনির্ভর উদ্যোগ নেওয়া হবে।

পরে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত ‘From Classroom to Economy’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, শ্রেণিকক্ষের শিক্ষা ও বাস্তব জীবনের দক্ষতার মধ্যে কার্যকর সংযোগ তৈরি করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে তারা জ্ঞান ও দক্ষতাকে কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে কাজে লাগাতে পারে।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: