শিরোনাম

South east bank ad

সমবায় আন্দোলন পুনরুজ্জীবিত করতে হবে: রাষ্ট্রপতি

 প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন   |   রাষ্ট্রপতি

সমবায় আন্দোলন পুনরুজ্জীবিত করতে হবে: রাষ্ট্রপতি
দেশে সমবায় আন্দোলন পুনরুজ্জীবিত করতে বিদ্যমান আইন সংস্কার, সুশাসন নিশ্চিত এবং সমবায় প্রতিষ্ঠানগুলোকে এনজিওসহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (৮ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, সমবায় আন্দোলনের মূল চেতনা ধরে রেখে এটিকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করতে হবে।

রাষ্ট্রপতি বলেন, একসময় দেশের বিভিন্ন এলাকায় সমবায় প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ধীরে ধীরে সেগুলোর কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে। সমবায় সংগঠনগুলোর মধ্যে দুর্নীতিকে এ অবস্থার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ১৯০৪ সালে সমবায় আন্দোলনের যাত্রা শুরু হলেও স্বাধীনতার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়ার পরিকল্পনায় সমবায়কে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। এ লক্ষ্যে তিনি ড. আখতার হামিদ খানকে দেশে ফিরিয়ে এনে তাঁর সমবায় মডেল কাজে লাগানোর উদ্যোগ নেন, যা পরবর্তী সময়ে ‘কুমিল্লা মডেল’ হিসেবে পরিচিতি পায়।

সম্প্রতি বগুড়ার একটি একাডেমি পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, সেখানে সমবায়ভিত্তিক হাসপাতাল নির্মাণ ও পরিচালনা এবং আবাসন খাতে সফল উদ্যোগ দেখে তিনি আনন্দিত হয়েছেন।

সমবায়-সংক্রান্ত বিদ্যমান আইনগুলো যুগোপযোগী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনগুলো বর্তমান বাস্তবতা ও প্রয়োজনের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা পর্যালোচনা করা প্রয়োজন। প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংসদ সদস্যদের সমন্বয়ে আইন সংস্কারের উদ্যোগ নিতে হবে।

রাষ্ট্রপতি বলেন, এনজিও খাতের ব্যাপক প্রসারের কারণে সমবায় প্রতিষ্ঠানগুলোকে এখন কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে। এ প্রতিযোগিতায় টিকে থাকতে সমবায় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে হবে।

তিনি সমবায়ভিত্তিক প্রতিষ্ঠান মিল্ক ভিটার উৎপাদিত দুধ, মাখন, চিজ ও আইসক্রিমসহ বিভিন্ন পণ্যের বাজার সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। ভারতের আমুল সমবায়ের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর পণ্যের প্রচার ও বাজারজাতকরণে কার্যকর উদ্যোগ নিতে হবে। এ জন্য সমবায়ভিত্তিক বিপণন কোম্পানি গড়ে তোলার পরামর্শ দেন তিনি।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রসঙ্গ তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, দেশের সামনে জ্বালানি সংকট, যুদ্ধ, অর্থপাচার, ব্যাংকিং খাত ও অর্থনীতিসহ নানা চ্যালেঞ্জ রয়েছে। এসব সংকট মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, শুধু সমবায় আন্দোলন টিকিয়ে রাখলেই হবে না, এটিকে আরও এগিয়ে নিতে হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নেতৃত্বে সমবায় আন্দোলন নতুন গতি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি এবং সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

রাষ্ট্রপতি এর আরও খবর: