মাইলস্টোন দুর্ঘটনায় হতাহতদের স্মরণে বাংলাদেশ বিমান বাহিনীর সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত
আজ ২১ জুলাই ২০২৬ (মঙ্গলবার) বাংলাদেশ বিমান বাহিনী গতবছর (২১ জুলাই ২০২৫) ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় সকল ঘাঁটি ও ইউনিটের মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে।
বিশেষ দোয়া ও মোনাজাতে মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত কোমলমতি ছাত্র-ছাত্রী, শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক এবং কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী বৈমানিক মরহুম ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম- এর রূহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে মহান আল্লাহ তায়ালার নিকট নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য, মানসিক শক্তি ও এই অপূরণীয় শোক সহ্য করার তাওফিক কামনা করা হয়। এছাড়া, দুর্ঘটনায় আহত যারা এখনও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি, তাঁদের সকলের দ্রুত আরোগ্য এবং সুস্থ, স্বাভাবিক ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উক্ত দোয়া ও মোনাজাতে বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিটের সকল কর্মকর্তাগণ, বিমানসেনা এবং অন্যান্য পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


