শিল্পাঞ্চলে বিজিবির ৩৫ প্লাটুন মোতায়েন
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এর মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৮ প্লাটুন, গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। অন্যদিকে নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় দায়িত্ব পালন করছেন তারা।
মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং শ্রমিক-কারখানার নিরাপত্তা বজায় রাখাই এ মোতায়েনের মূল লক্ষ্য।
এদিকে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।


