South east bank ad

যাত্রাবাড়ী ও তেজগাঁওয়ে তিন ছিনতাইকারী গ্রেফতার

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

যাত্রাবাড়ী ও তেজগাঁওয়ে তিন ছিনতাইকারী গ্রেফতার
রাজধানীর যাত্রাবাড়ী ও তেজগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। এ সময় দুইজনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাতে যাত্রাবাড়ী চৌরাস্তার হানিফ ফ্লাইওভারের নিচে অভিযান চালিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে জাহিদুল ইসলাম তমাল (২৬) ও মো. হাবিবকে (৩৮) গ্রেফতার করে এসআরইউর ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

অন্যদিকে, একই দিন রাত ৮টা ১৫ মিনিটে তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় মো. শামীম আহম্মেদ (৩১) নামে আরেকজনকে গ্রেফতার করে এসআরইউর ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি দল।

পুলিশ জানায়, গ্রেফতার শামীমের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় দুটি মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

BBS cable ad