South east bank ad

গোপালগঞ্জে বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন   |   পুলিশ

গোপালগঞ্জে বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
গোপালগঞ্জে চলমান বিশৃঙ্খলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দেশের যেকোনো স্থানে জননিরাপত্তা বিঘ্নিত হলে বাংলাদেশ পুলিশ সেখানে ব্যবস্থা নেবে।

সোমবার (১৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা এসব তথ্য জানান।

তিনি বলেন, জননিরাপত্তা বিঘ্নিত হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকে। গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতিতেও এর ব্যতিক্রম হবে না।

বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান আছে বলেও জানিয়েছেন এআইজি কামারুম মুনিরা।

এদিকে গোপালগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে মোতায়েন করা সর্বোচ্চসংখ্যক সদস্যের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ড্রোন প্রযুক্তি ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠ পর্যায়ের কার্যক্রমের সরাসরি ভিডিও ধারণ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।
BBS cable ad

পুলিশ এর আরও খবর: