দুদকের ১৯ কর্মকর্তার পদোন্নতি পুনর্বিবেচনা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক পদে পদোন্নতি না পাওয়া ১৯ কর্মকর্তার বিষয়ে নতুন করে গোয়েন্দা প্রতিবেদন নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিভাগীয় পদোন্নতি কমিটি (ডিপিসি) বৈঠক করে তাঁদের পদোন্নতির বিষয়টি পুনর্বিবেচনা করবে। এদিকে সাত কর্মকর্তার পদোন্নতি নিয়ে সংস্থাটিতে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগে অসন্তোষ ও বিতর্ক তৈরি হয়েছে।
দীর্ঘ প্রতীক্ষার পর দুদকের ২০১১ ব্যাচের সাত কর্মকর্তাকে উপপরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তবে পদোন্নতিপ্রাপ্তদের তালিকায় মেধাক্রমের ৪ থেকে ১১ নম্বরে থাকা কর্মকর্তাদের কেউ স্থান পাননি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বরং জ্যেষ্ঠতার তালিকায় তুলনামূলক পিছিয়ে থাকা কর্মকর্তারা পদোন্নতি পাওয়ায় বঞ্চিতদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে সংস্থাটির সচিব মো. সাইদুর রহমান খান জানান, পরিচালক পদে পদোন্নতির জন্য বিবেচনাধীন ২৬ কর্মকর্তার মধ্যে সাতজনকে যোগ্য বিবেচনা করে পদোন্নতি দেওয়া হয়েছে। বাকি ১৯ কর্মকর্তার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তাঁদের বাদ দেওয়া হয়নি।
দুদক সচিব বলেন, নতুন একটি গোয়েন্দা সংস্থার কাছ থেকে ওই ১৯ কর্মকর্তার বিষয়ে প্রতিবেদন নেওয়া হবে। প্রতিবেদন পাওয়ার পর ডিপিসি আবার বৈঠকে বসবে। নতুন প্রতিবেদন পেতে আনুমানিক এক মাস সময় লাগতে পারে।
পদোন্নতিতে রাজনৈতিক তদবির, পক্ষপাত ও অনিয়মের অভিযোগ নাকচ করে সাইদুর রহমান খান বলেন, কর্মকর্তাদের গোয়েন্দা প্রতিবেদন, বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর), নিয়ন্ত্রণকারী কর্মকর্তার মূল্যায়ন এবং আর্থিক সততার বিষয় বিবেচনা করেই পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন মহল থেকে টেলিফোনে তদবির এলেও তা আমলে নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
ব্রিফিংয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন, পদোন্নতি না পাওয়া কয়েকজন কর্মকর্তা একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছেন এবং অভিযোগপত্র দিয়েছেন। ফলে ওই সংস্থার প্রতিবেদনে তাঁদের বিরূপভাবে মূল্যায়ন করা হয়েছে কি না।
জবাবে দুদক সচিব বলেন, এ বিষয়টি বিবেচনায় নিয়ে অন্য একটি গোয়েন্দা সংস্থার কাছ থেকে প্রতিবেদন নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এদিকে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দুর্নীতির মামলা অনুসন্ধান ও তদন্ত করেও অভিজ্ঞ কর্মকর্তাদের পদোন্নতি না পাওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন সাংবাদিকরা। জবাবে সচিব বলেন, পদোন্নতির ক্ষেত্রে অভিজ্ঞতার পাশাপাশি আর্থিক সততা ও অন্যান্য নির্ধারিত মানদণ্ড বিবেচনা করা হয়েছে। যাচাই-বাছাই ছাড়া কোনো অভিযোগ কিংবা উড়ো তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তিনি আরও জানান, পদোন্নতি পাওয়া সাত কর্মকর্তার সরকারি আদেশ ইতোমধ্যে জারি হয়েছে। ফলে তাঁদের বিষয়ে নতুন করে গোয়েন্দা প্রতিবেদন নেওয়ার সুযোগ নেই।


