তিন দেশে দক্ষ জনশক্তি নিতে রাষ্ট্রপতির আহ্বান
বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্সসহ বিভিন্ন খাতে দক্ষ জনশক্তি নিয়োগের জন্য অস্ট্রিয়া, গায়ানা ও ফিজির প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশগুলোর সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ড. রবার্ট জিস্ক, গায়ানার অনাবাসিক হাইকমিশনার ধারামকুমার সীরাজ এবং ফিজির অনাবাসিক হাইকমিশনার জগন্নাথ সামি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। এ সময় তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক তরুণ, দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রয়েছে। তাঁরা স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, উৎপাদন ও সেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। অস্ট্রিয়া ও গায়ানায় চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট এবং ফিজিতে অবকাঠামো নির্মাণ ও কৃষি খাতে বাংলাদেশি জনশক্তি নিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে স্বচ্ছ ও দক্ষতাভিত্তিক অভিবাসন ব্যবস্থা এবং প্রয়োজনীয় দ্বিপাক্ষিক সমঝোতার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।
অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দেশটির ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি নবায়নযোগ্য ও সবুজ জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশকে স্বল্প সুদে সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়ে তাঁর দেশের আগ্রহের কথা জানান। বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার জন্য পররাষ্ট্র সচিবকে নির্দেশনা দেন রাষ্ট্রপতি।
গায়ানার হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতে দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মেদ ইরফান আলীর পুনর্নির্বাচনে অভিনন্দন জানান রাষ্ট্রপতি এবং তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে গায়ানার বিনিয়োগকারীদের বিনিয়োগ এবং দেশটিতে বাংলাদেশের ওষুধ রপ্তানি বাড়াতে নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান তিনি।
ফিজির হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে কৃষি, বাণিজ্য, পর্যটন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সুনীল অর্থনীতি ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা এবং সমুদ্র ও নৌবিষয়ক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে নবনিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
এর আগে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তাঁদের গার্ড অব অনার প্রদান করে। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব, পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


