South east bank ad

গোপালগঞ্জে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা: পুলিশ সদর দপ্তর

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন   |   পুলিশ

গোপালগঞ্জে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা: পুলিশ সদর দপ্তর

 
দেশের যেকোনো স্থানে জননিরাপত্তা বিঘ্নিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোপালগঞ্জে কয়েক দিন ধরে চলমান বিশৃঙ্খলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও একইভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

সোমবার (১৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামরুল মুনিরা বাংলানিউজকে বলেন, জননিরাপত্তা বিঘ্নিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকে। গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতিতেও এর ব্যতিক্রম হবে না।

ইতোমধ্যে জেলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে বিজিবি সদর দপ্তর জানিয়েছে, গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবির এক প্লাটুনে সাধারণত ৩০ জন সদস্য থাকেন। তবে অভিযান, বিশেষ অপারেশন ও দায়িত্বের ধরন অনুযায়ী এ সংখ্যা কম-বেশি হতে পারে।

কোনো কোনো ক্ষেত্রে এক প্লাটুনে সদস্যসংখ্যা প্রায় ১৬ থেকে ৫০ জন পর্যন্ত হতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিত দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

বিজিবি সদস্যরা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। পাশাপাশি জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধেও দায়িত্ব পালন করবেন তারা।

এদিকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনকে কঠোর, সময়োপযোগী ও সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষা এবং অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও নিরাপত্তা নিশ্চিত করতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

পাশাপাশি রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো কার্যক্রম ঠেকাতে এবং দেশের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে কঠোর ও তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
BBS cable ad

পুলিশ এর আরও খবর: