South east bank ad

নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন   |   দেশ

নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন
বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মোকামতলা থানা ও পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন পায়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গণী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস ছাত্তার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব শহীদুল হাসান।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নিকার বৈঠকে আলোচনার পর প্রধানমন্ত্রী মোকামতলা থানা ও পৌরসভা গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল থানা ও পৌরসভা প্রতিষ্ঠা। স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ সিদ্ধান্ত নেওয়ায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
BBS cable ad