South east bank ad

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু
দীর্ঘ দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) থেকে দেশটির অনুমোদিত ৫১টি মেডিকেল সেন্টারে এ কার্যক্রম চালু হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মালয়েশিয়ায় নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর প্রস্তুতির অংশ হিসেবে গত ৬ নভেম্বর ৫১টি অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করে দেশটির ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)।

এফডব্লিউসিএমএসের তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত কেন্দ্রগুলো বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি সংস্থার নিবন্ধিত এবং মালয়েশিয়ার প্রতিষ্ঠান বেস্টিনেট এসডিএন বিএইচডির নিরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। মালয়েশিয়ায় কাজের জন্য ইলেকট্রনিক ভিসা উইথ রেফারেন্স (ই-ভিডিআর) আবেদনের আগে কর্মীদের এসব কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা বাধ্যতামূলক।

সরকার স্বাস্থ্য পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করেছে। কোনো মেডিকেল সেন্টার যাতে অতিরিক্ত অর্থ আদায় বা চাকরিপ্রার্থীদের হয়রানি করতে না পারে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

এর আগে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে মেডিকেল অনুমোদন প্রক্রিয়া সহজ ও গতিশীল করার দাবি জানিয়ে আসছিল রিক্রুটিং এজেন্সিগুলো। এ বিষয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিদের বৈঠকও অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য পরীক্ষা করা যাবে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত অনুমোদিত ৫১টি কেন্দ্রে। এর মধ্যে মতিঝিল, পল্টন, নয়াপল্টন, বিজয়নগর, বনশ্রী, রামপুরা, বনানী, বাড্ডা, উত্তরা, গাজীপুর, ধানমন্ডি, মহাখালী, তেজগাঁও ও মগবাজারসহ বিভিন্ন এলাকার মেডিকেল সেন্টার রয়েছে।

কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে নির্ধারিত ফি অনুসরণ এবং হয়রানি এড়াতে অনুমোদিত কেন্দ্রের তালিকা যাচাই করে সেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

BBS cable ad