টোকিওতে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬' পালিত হয়েছে। এ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বুধবার (৫ আগস্ট) দিবসের শুরুতে দূতাবাসে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
আলোচনা সভায় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবার ও আহতদের যথাযথ পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদি কল্যাণমূলক সুবিধার আওতায় আনা প্রয়োজন। তিনি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। নাগরিক সেবা সহজ করতে 'প্রবাসী কার্ড' চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শহিদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।


