শিরোনাম

South east bank ad

রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি

 প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি
নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং যানবাহনের নিরাপত্তা রক্ষায় রাজধানীজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকায় বসানো হয়েছে জোরালো চেকপোস্ট।
পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি।

বুধবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে পরিচালিত এসব কার্যক্রমে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই এবং সন্দেহজনক চলাচলের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।

এ ছাড়া ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি জোরদার করা হয়েছে।

নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধে ডিএমপির এ তৎপরতা অব্যাহত রয়েছে।
বিশেষ করে নগরীর সড়কে চলাচলরত যানবাহন ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। নগরবাসীর জানমাল ও যানবাহনের নিরাপত্তা রক্ষায় পুলিশের এ তৎপরতা অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
BBS cable ad