South east bank ad

প্রাথমিক শিক্ষায় সমন্বিত উদ্যোগের তাগিদ প্রতিমন্ত্রীর

 প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন   |   মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় সমন্বিত উদ্যোগের তাগিদ প্রতিমন্ত্রীর
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার (১১ নভেম্বর) সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের গ্লোবাল সিইও রীনা ঘেলানি। এ সময় বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিশুদের মৌলিক দক্ষতা ও সৃজনশীল চিন্তার বিকাশ, মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকালে রীনা ঘেলানি বলেন, শিশুদের প্রারম্ভিক বিকাশ, মানসম্মত শিক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ প্ল্যান ইন্টারন্যাশনালের অন্যতম অগ্রাধিকার। বাংলাদেশের দীর্ঘদিনের কার্যক্রম ও আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে চায় সংস্থাটি।

জবাবে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার লক্ষ্য শুধু শিশুদের বিদ্যালয়ে নিয়ে আসা নয়, বরং প্রত্যেক শিশুর জন্য মানসম্মত ও কার্যকর শিখন নিশ্চিত করা। মৌলিক সাক্ষরতা ও সংখ্যাগত দক্ষতার পাশাপাশি শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা, সৃজনশীলতা এবং ভবিষ্যৎ জীবনের প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলায় সরকার গুরুত্ব দিচ্ছে।

বৈঠকে মেয়েদের মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়া রোধ, নিরাপদ ও শিশুবান্ধব বিদ্যালয় পরিবেশ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীকে সক্ষম করে তোলার বিষয়েও আলোচনা হয়।

প্ল্যান ইন্টারন্যাশনালের সিইও জানান, সংস্থাটি বিশ্বের ৮০টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে শিক্ষা, শিশু অধিকার, মেয়েদের ক্ষমতায়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে আরও বৃহৎ পরিসরে কাজ করতে আগ্রহী তারা।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস ও ডিরেক্টর নিশাত সুলতানা উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: