সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইসিটি মন্ত্রীর
ডিজিটাল সরকারের কার্যক্রম নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, সরকারি তথ্য-উপাত্ত, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ও ডিজিটাল সেবা সুরক্ষায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দক্ষ জনবল, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং কার্যকর নীতিমালা নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত ডিজিটাল রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসসহ বিভিন্ন নাগরিক সেবা এখন ডিজিটাল প্ল্যাটফর্মনির্ভর। তবে এই অগ্রগতির সঙ্গে সাইবার হুমকিও বাড়ছে।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর সুরক্ষা, নাগরিকদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা এবং সাইবার নিরাপত্তাকে প্রাতিষ্ঠানিক পরিকল্পনা ও বাজেটের অংশ করা জরুরি। এ জন্য প্রতিরোধমূলক সাইবার সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি দক্ষ জনবল তৈরি করতে হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ভৌগোলিক সীমানার মতো ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষাও অপরিহার্য হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারণে সাইবার ঝুঁকি বাড়ছে। এসব মোকাবিলায় আধুনিক প্রযুক্তি, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক নাহিদ সুলতানা মল্লিক, এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স একাডেমির প্রতিনিধি ইনগ্রিড টুনিকুর্গসহ দেশি-বিদেশি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এ সেমিনারে জাতীয় সাইবার নিরাপত্তা কৌশল, সরকারি নেটওয়ার্ক সুরক্ষা, সাইবার হামলা মোকাবিলা, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর নিরাপত্তা এবং দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পের আওতায় এ সেমিনারের আয়োজন করা হয়েছে।


