লালবাগে বিপ্লব হত্যা: প্রধান দুই আসামি গ্রেফতার
রাজধানীর লালবাগে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে বিপ্লব হোসেন (২৭) হত্যার ঘটনায় মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. মাইনু (২৬) ও আল-আমিন ওরফে স্বাধীন ওরফে ডিপজল (২২)।
রবিবার (৮ নভেম্বর) রাতে লালবাগ থানার লোহার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে লালবাগ থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ১ নভেম্বর দুপুরে পশ্চিম শহীদনগর বৌ-বাজার এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে বিপ্লবকে ধারালো ছুরি ও চাপাতি দিয়ে আঘাত করেন আসামিরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের খালা বাদী হয়ে লালবাগ থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


