স্বর্ণালংকারের লোভে বৃদ্ধকে হত্যা, সীমান্ত থেকে গ্রেপ্তার ২
যশোরের মনিরামপুরে মুক্তেশ্বরী নদী থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডের মূল আসামি ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (৯ নভেম্বর) সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় নিহতের স্বর্ণালংকার, মোবাইল ফোন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোরের মিঠুন ধর (৩২) ও সাতক্ষীরার হান্নান গাজী (৬৪)। মিঠুন পেশায় একজন পল্লী চিকিৎসক।
সিআইডি জানায়, গত ৭ নভেম্বর মনিরামপুরের মহিষদিয়া হেলারের ঘাট ব্রিজের পাশে মুক্তেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের পরিচয় শনাক্ত হয়। তাঁর নাম রঞ্জন মণ্ডল (৬০)। তদন্তে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে পল্লী চিকিৎসক মিঠুনকে শনাক্ত করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী আত্মসাতের উদ্দেশ্যে রঞ্জনকে ইনজেকশন পুশ করে হত্যা করেন মিঠুন। পরে মরদেহ বস্তাবন্দি করে মোটরসাইকেলে নিয়ে মুক্তেশ্বরী নদীতে ফেলে দেন। এরপর সহযোগী হান্নান গাজীর সহায়তায় ভারতে পালানোর চেষ্টা করলে কলারোয়ার ভাদিয়ালী সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মিঠুনের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের স্বর্ণের চেইন, আংটি, স্মার্টফোন, মরদেহ বহনে ব্যবহৃত মোটরসাইকেল এবং ইনজেকশনের খালি অ্যাম্পুল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় নিহতের ভাতিজা দেবাশীষ মণ্ডল বাদী হয়ে মনিরামপুর থানায় হত্যা মামলা করেছেন। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি


