কচুয়ায় ‘রক্তখুঁজি’ ওয়েবসাইটের উদ্বোধন
স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে সহজ ও গতিশীল করতে চাঁদপুরের কচুয়ায় ‘রক্তখুঁজি’ নামে একটি ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। ড্রিমফিল যুবসমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় কচুয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কেক কাটার মাধ্যমে ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ফয়সল পাটোয়ারী। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি নাইমুল পাটোয়ারী।
এ সময় সংগঠনের দপ্তর সম্পাদক ইশতিয়াক আহমেদ রিভু কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে সংগঠনের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম তুলে ধরা হয়। এছাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, সংগঠনের প্রধান উপদেষ্টা মাসুদ এলাহি সুভাস, উপদেষ্টা হোসেন ইমাম মুন্সীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘রক্তখুঁজি’ ওয়েবসাইটের মাধ্যমে জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজে পাওয়া সহজ হবে। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে মানুষের আগ্রহ বাড়বে এবং মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে।
আয়োজকরা জানান, ওয়েবসাইটটি সর্বস্তরের মানুষের কাছে পরিচিত করে তোলার পাশাপাশি পর্যায়ক্রমে স্কুল, মাদ্রাসাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রত্যন্ত অঞ্চলে এর কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।


