শিরোনাম

South east bank ad

২৫ লাখ টাকা আত্মসাৎ, টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিনসহ গ্রেফতার ২

 প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন   |   সিআইডি

২৫ লাখ টাকা আত্মসাৎ, টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিনসহ গ্রেফতার ২
অনলাইন প্রতারণার মাধ্যমে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিনসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে রংপুর নগরীর কোতোয়ালি থানাধীন শাপলার মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন দিনাজপুরের বীরগঞ্জের মো. মাহফুজ আলী (৩১) ও রংপুরের কোতোয়ালির মো. আব্দুল আলিম (৩০)।

সিআইডি জানায়, প্রতারক চক্রটি নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান Withlocals-এর ওয়েবসাইট নকল করে বাদী ফিরোজ কায়সারকে চাকরির প্রস্তাব দেয়। প্রথমে বিশ্বাস অর্জনের জন্য তাকে ৯০০ টাকা এবং বিভিন্ন সময়ে মোট ৩৪ হাজার টাকা দেওয়া হয়। পরে ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ২৫ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি।

এ ঘটনায় ২০২৫ সালের ১ নভেম্বর পল্টন থানায় মামলা করেন ভুক্তভোগী। তদন্তে মাহফুজ আলী ওয়ার্ক নামে ছয় সদস্যের একটি টেলিগ্রাম গ্রুপের সন্ধান পায় সিআইডি। গ্রেফতার মাহফুজ ওই গ্রুপের অ্যাডমিন এবং আব্দুল আলিম অন্যতম সদস্য। গ্রুপটির সদস্যরা দেশজুড়ে প্রতারণার শিকার ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে কার কাছ থেকে কত টাকা বিনিয়োগ করানো হবে, তা নির্ধারণ করত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

সিআইডি আরও জানায়, এ মামলায় এর আগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পূর্বে গ্রেফতার আসামিদের কাছ থেকে উদ্ধার করা ১০ লাখ টাকা আদালতের উপস্থিতিতে বাদীর ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে।

গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।

BBS cable ad

সিআইডি এর আরও খবর: