শিরোনাম

South east bank ad

স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট: সমাজকল্যাণমন্ত্রী

 প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন   |   মন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট: সমাজকল্যাণমন্ত্রী
জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর জেনারেল হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বরাদ্দের অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনই সরকারের মূল লক্ষ্য। স্বাস্থ্যসেবাকে সর্বজনীন করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১৫১ শয্যায় উন্নীত করার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ৩১ শয্যা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছিল।

তিনি বলেন, নির্বাচনের আগে ঘোষিত ৩১ দফার আলোকে সরকার ধারাবাহিকভাবে জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের সম্মানী ভাতা এবং ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কার্ড চালু করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, দেশের সব সমস্যার সমাধান সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। স্বাস্থ্য ও সমাজকল্যাণ খাতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের সামাজিক উদ্যোগে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, গত ১৭ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ভঙ্গুর অর্থনীতি রাতারাতি মেরামত করা সম্ভব নয়। অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে কিছুটা সময় প্রয়োজন।

মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু), রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ডা. মুহাম্মদ ওয়াহেদুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: