ঢাবিতে দুই স্থানে ককটেল বিস্ফোরণ, প্রাইভেটকার চালক গুরুতর আহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সোহেল (৩৬) নামে এক প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পাশের শ্যাডো এলাকা এবং ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) সামনে এ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে থাকা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় সোহেল নিজের গাড়ি নিয়ে ঘটনাস্থলের পাশে অবস্থান করছিলেন। দুপুরের খাবার শেষে পাশের একটি গাড়ির চালক সেটির দরজা খুলতে গেলে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল বলেন, ‘এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমি বর্তমানে ব্যবসায় শিক্ষা অনুষদে অবস্থান করছি। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে শিগগিরই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।’
বিস্ফোরণে কেউ আহত হয়েছেন কি না, জানতে চাইলে প্রক্টর জানান, এফবিএসের ডিন তাঁকে জানিয়েছেন, সেখানে একটি গাড়ির চালক আহত হয়েছেন।
প্রসঙ্গত, আজ ভোর থেকে দেশের বিভিন্ন স্থানে নাশকতার খবর পাওয়া যাচ্ছে। পলাতক শেখ হাসিনার দেশে ফেরার প্রচেষ্টার অংশ হিসেবে পাসপোর্ট আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সহিংসতার ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।


