শিরোনাম

South east bank ad

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য এআই মাস্টারক্লাস আয়োজন করছে বিসিপিএস

 প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন   |   কর্পোরেট

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য এআই মাস্টারক্লাস আয়োজন করছে বিসিপিএস

শনিবার (২৫ জুলাই) কমিউনিকেশনস পেশাজীবীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে দক্ষ করে তুলতে হাতে-কলমে একটি বিশেষ মাস্টারক্লাসের আয়োজন করেছে বাংলাদেশ কমিউনিকেশনস প্রফেশনালস সোসাইটি (বিসিপিএস)। ‘ডেভেলপমেন্ট কমিউনিকেশনসে এআইয়ের ব্যবহার’ শীর্ষক এই মাস্টারক্লাস আগামী ৮ আগস্ট রাজধানীর বাংলামোটরের উন্নয়ন সমন্বয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিপিএস জানায়, প্রেস বিজ্ঞপ্তি, প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট, গবেষণা, উপস্থাপনা এবং কমিউনিকেশন পরিকল্পনাসহ বিভিন্ন ক্ষেত্রে এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। পরিবর্তিত এই বাস্তবতায় পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যতের কর্মপরিবেশের জন্য প্রস্তুত করতেই এ আয়োজন।

মাস্টারক্লাসটি পরিচালনা করবেন নগদের ক্রিয়েটিভ লিড (এআই) মো. আব্দুর রউফ। কমিউনিকেশন, সৃজনশীল পরিকল্পনা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে তাঁর ১২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানে এআইভিত্তিক প্রশিক্ষণ দিয়ে আসছেন।

বিসিপিএসের চেয়ারম্যান টনি মাইকেল গোমেজ বলেন, এআই কমিউনিকেশনস পেশাজীবীদের বিকল্প নয়; বরং এটি তাদের সক্ষমতা আরও বাড়ানোর একটি শক্তিশালী মাধ্যম। তিনি বলেন, যারা দক্ষতার সঙ্গে এআই ব্যবহার করতে পারবেন, তারাই ভবিষ্যতের কর্মক্ষেত্রে এগিয়ে থাকবেন। এই মাস্টারক্লাসে অংশগ্রহণকারীরা প্রয়োজনীয় মানবিক দক্ষতা, কার্যকর এআই টুলের ব্যবহার এবং আরও দ্রুত, মানসম্মত ও কৌশলগতভাবে কাজ করার কৌশল সম্পর্কে জানতে পারবেন।

সংগঠনটি জানায়, প্রশিক্ষণে এআইভিত্তিক বিভিন্ন টুলের ব্যবহার, কার্যকর প্রম্পট লেখার কৌশল, প্রেস বিজ্ঞপ্তি, প্রতিবেদন, বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ও কমিউনিকেশন পরিকল্পনা তৈরিতে এআইয়ের প্রয়োগ, গবেষণা, তথ্য বিশ্লেষণ এবং কর্মদক্ষতা বৃদ্ধির বিভিন্ন ব্যবহারিক বিষয় তুলে ধরা হবে।

উন্নয়ন সংস্থা, করপোরেট প্রতিষ্ঠান, গণমাধ্যম, সরকারি-বেসরকারি সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ফ্রিল্যান্স কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য মাস্টারক্লাসটি বিশেষভাবে উপযোগী বলে জানিয়েছে বিসিপিএস। আসনসংখ্যা সীমিত থাকায় আগ্রহীদের দ্রুত নিবন্ধনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।





BBS cable ad