শিরোনাম

South east bank ad

সার্ক কৃষি কেন্দ্রের নতুন পরিচালক ড. গোলাম মাহবুব

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন   |   কর্পোরেট

সার্ক কৃষি কেন্দ্রের নতুন পরিচালক ড. গোলাম মাহবুব
কৃষি গবেষণা ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় দুই দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন কৃষিবিজ্ঞানী ড. মো. গোলাম মাহবুব সার্ক কৃষি কেন্দ্রের নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকায় অবস্থিত আঞ্চলিক প্রতিষ্ঠানটির দায়িত্ব গ্রহণ করেন তিনি। নতুন দায়িত্বে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কৃষি সহযোগিতা, গবেষণা ও জ্ঞান বিনিময় জোরদারে কাজ করবেন ড. মাহবুব।

তিনি কৃষিবনবিদ্যা, রিমোট সেন্সিং, জিআইএস ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ। বর্তমানে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (বনবিদ্যা) হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০০৬ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) কর্মজীবন শুরু করেন ড. মাহবুব। পরে বারি ও বিএআরসির বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পদে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে বিএআরসির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (বনবিদ্যা) হিসেবে নিয়োগ পান তিনি।

জাপানের গিফু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং থেকে রিমোট সেন্সিং ও জিআইএস বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা অর্জন করেন ড. মাহবুব। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অ্যাগ্রোফরেস্ট্রি বিষয়ে এমএস ও কৃষিতে বিএসসি ডিগ্রি লাভ করেন।

জলবায়ু পরিবর্তন, অ্যাগ্রোফরেস্ট্রি, বনবিদ্যা, রিমোট সেন্সিং, জিআইএস, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও ডিজিটাল কৃষি তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র। দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তাঁর একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

বারিতে কৃষি-পরিবেশ বিষয়ক রিমোট সেন্সিং ও মডেলিং গবেষণাগার প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখেন তিনি। তাঁর নেতৃত্বে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জলবায়ু সহনশীল কৃষি, গবেষণা, উদ্ভাবন ও টেকসই কৃষি-খাদ্য ব্যবস্থা নিয়ে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।





BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: