বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলভারসহ আটক ৪
বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ আন্ত জেলা ডাকাতচক্রের চার সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার তিশিগাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান।
আটকরা হলেন বগুড়ার কাহালু উপজেলার পুগইল গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে ইমরান হোসেন (৩০), দুপচাঁচিয়া উপজেলার নওদাপাড়া গ্রামের নবাব আলীর ছেলে সোহেল (২৮), কাহালু উপজেলার চানপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে রাব্বী হাসান (২১) এবং একই উপজেলার পাঁচপীর নলঘরিয়া গ্রামের আব্বাস আলীর ছেলে মো. হালিম (২০)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া উপজেলার তিশিগাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮-১০ জনের একটি ডাকাত চক্র দৌড়ে পালানোর চেষ্টা করে।
পরে ধাওয়া করে চক্রটির চার সদস্যকে আটক করা হয়। তবে বাকিরা পালিয়ে গেছে।
আটকদের হেফাজত থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি রিভলবার, একটি চাইনিজ কুড়াল, একটি কাটার, দুইটি বার্মিজ চাকু, একটি স্লাই রেঞ্জ ও দুইটি গামছা উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটও জব্দ করেছে পুলিশ।
.

