South east bank ad

লুডু খেলায় ‘ভুল’ ধরায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত হওয়ার অভিযোগ

 প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন   |   দেশ

লুডু খেলায় ‘ভুল’ ধরায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত হওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোবাইল ফোনে লুডু খেলার সময় ‘ভুল’ ধরায় প্রতিপক্ষের হামলায় রফিক মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রফিক ওই ইউনিয়নের মৃত লোকমান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিশ্চিন্তপুর গ্রামের একটি বাগানবাড়িতে বসে সালমান ও বশির নামের দুই যুবক মোবাইল ফোনে লুডু খেলছিলেন।
এ সময় রফিক মিয়া সেখানে গিয়ে তাদের খেলা দেখছিলেন। খেলা চলাকালে রফিক হঠাৎ তাদের খেলার ভুল ধরেন।
এ কথা শুনে সালমান ও বশির উত্তেজিত হয়ে রফিককে নাক গলাতে নিষেধ করেন। পরে স্থানীয় কয়েকজন এসে বিরোধ মীমাংসা করে দেন।
তবে কিছুক্ষণ পর সালমান আবারো ক্ষিপ্ত হয়ে রফিক মিয়ার গলা চেপে ধরেন। শ্বাসরোধের পাশাপাশি তাকে উপর্যুপরি কিলঘুষি মেরে মাটিতে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রফিককে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রফিকের চাচাতো ভাই জিলু মিয়া বলেন, বশির ও সালমান মোবাইল ফোনে লুডু খেলছিল। খেলা চলাকালে রফিক তাদের ভুল ধরিয়ে দেয়। এ নিয়েই উত্তেজিত হয়ে তারা রফিককে মারধর করে। এরপরই সে মারা যায়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি, তবে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

BBS cable ad