বিএসি চেয়ারম্যানের সঙ্গে সিআইইউ উপাচার্যের সাক্ষাৎ
চিটাগং ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটির (সিআইইউ) উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সম্প্রতি বিএসি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তাঁরা উচ্চশিক্ষার মানোন্নয়ন, অ্যাক্রেডিটেশন, কোয়ালিটি অ্যাসিওরেন্স, অ্যাকাডেমিক উৎকর্ষ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক মানোন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাকাডেমিক মানদণ্ড আরও শক্তিশালী করা এবং শিক্ষা কার্যক্রমে গুণগত মান ও উৎকর্ষের সংস্কৃতি গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে তাঁরা মতবিনিময় করেন।
সিআইইউ উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন এবং কোয়ালিটি অ্যাসিওরেন্স ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিএসি চেয়ারম্যানকে অবহিত করেন। তিনি জানান, জাতীয় অ্যাক্রেডিটেশন মানদণ্ড ও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে সিআইইউ তার অ্যাকাডেমিক কার্যক্রম ও মান নিশ্চিতকরণ প্রক্রিয়াকে আরও সুসংহত করার জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
সাক্ষাৎকালে সিআইইউ উপাচার্য বিএসি চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খানকে চিটাগং ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটি (সিআইইউ) পরিদর্শনের জন্য আন্তরিক আমন্ত্রণ জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও মান নিশ্চিতকরণ কার্যক্রম সম্পর্কে সরেজমিনে অবহিত হওয়ার জন্য বিএসি চেয়ারম্যানের সিআইইউ সফরের প্রত্যাশা ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎটি উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, অ্যাক্রেডিটেশন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


