১৫০ আসন নিশ্চিত হলো বিএনপির, অভিনন্দন তারেক রহমান
সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির। চতুর্থবারের মতো দেশ পরিচালনার দায়িত্ব নিচ্ছে দলটি। এখন পর্যন্ত পাওয়া ২২৪টি আসনের ফলাফল থেকে দেখা যাচ্ছে ১৬১টি আসনে জয়লাভ করে সরকার গঠনের একমাত্র দাবিদার এখন বিএনপি।
সংবিধান অনুযায়ী, সরকার গঠনের জন্য ৩০০ আসনের জাতীয় সংসদে অন্তত ১৫০টি আসন লাভ করতে হয়।
অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী নতুন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে ১৭-১৮ ফেব্রুয়ারি। অভাবনীয় কোনো পরিবর্তন না হলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হতে যাচ্ছেন দেশের নতুন প্রধানমন্ত্রী।
এর মধ্য দিয়ে স্থাপিত হবে এক বিরল নজির। বাবা রাষ্ট্রপতি, মা তিনবারের প্রধানমন্ত্রী, এবার ছেলে প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব নেবেন।
দেশের এক সংকটকালে ১৯৭৬ থেকে ৮১ সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। কিছু বিপথগামী সেনা কর্মকর্তার হাতে তিনি নিহত হওয়ার পর বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া। তিনি ১৯৯১-১৯৯৬, ১৯৯৬ (স্বল্পস্থায়ী) ও ২০০১-২০০৬ মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন।
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া দম্পতির উত্তরসূরি তারেক রহমান বিগত ১৭ বছরের স্বৈরাচরী সরকারের বিরুদ্ধে লড়ে দলকে নেতৃত্ব দিয়ে গেছেন। তার নতুন ধারার দক্ষ নেতৃত্ব সারা দেশে বিএনপির প্রতি মানুষের বিপুল আস্থা অর্জন করতে সক্ষম হয়। দলকে জেতানোর পাশাপাশি তিনি নিজে বগুড়া ও ঢাকার দুটি আসনে বড় ব্যবধানে জয় লাভ করেন।
অভিনন্দন নতুন বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমান।


