বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
শনিবার (২০ জুন) সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ সচিবালয়ে বাংলাদেশ পুলিশের ১৫ সদস্যকে সাহসিকতা ও জনহিতকর কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে ইউএই ফেডারেল পুলিশ বেনজীর আহমেদকে গ্রেফতার করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ৩০ দিনের সময় দেওয়া হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাত্র তিন দিনের মধ্যে ১৪৪ পৃষ্ঠার প্রয়োজনীয় নথি প্রস্তুত, অনুবাদ ও কূটনৈতিক মাধ্যমে ইউএই সরকারের কাছে পাঠিয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে এবং দেশে ফিরিয়ে আনার কার্যক্রম এগিয়ে চলছে।
অনুষ্ঠানে চারটি আলোচিত ঘটনায় কৃতিত্বপূর্ণ ভূমিকার জন্য ১৫ জন পুলিশ সদস্যকে অর্থ পুরস্কার, প্রশংসাপত্র ও বিশেষ ব্যাজ দেওয়া হয়। পুরস্কৃত ঘটনাগুলোর মধ্যে ছিল কুড়িল এলাকায় জলাবদ্ধতা নিরসনে ট্রাফিক কনস্টেবলের উদ্যোগ, আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারী গ্রেফতার, আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন এবং চকরিয়ায় ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের গ্রেফতার।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশে ‘শাস্তি ও পুরস্কার’ নীতি কার্যকর করা হয়েছে। দায়িত্বশীল ও সৎ কর্মকর্তাদের পুরস্কৃত করার পাশাপাশি গাফিলতি ও দুর্নীতির বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকার অপরাধ নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।
এ ছাড়া, ২৩ জুন নিষিদ্ধ রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে দেশব্যাপী পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।


