শিরোনাম

South east bank ad

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

 প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন   |   মন্ত্রী

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
আধুনিক, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে অপরিহার্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৪ নভেম্বর) ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আয়োজিত ‘বাংলাদেশে ইমিগ্রেশন ও বর্ডার গভর্নেন্স সংক্রান্ত কৌশলগত রূপরেখা (২০২৭-২০৩১)’ শীর্ষক ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক প্রেক্ষাপটে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সংযুক্ত। তাই আন্তর্জাতিক যাতায়াত ও বাণিজ্য সহজ করার পাশাপাশি সীমান্ত অতিক্রমকারী ঝুঁকি মোকাবিলায় প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে।

তিনি বলেন, সীমান্ত ব্যবস্থাপনায় জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বৈধ ভ্রমণ ও বাণিজ্য গতিশীল করতে হবে। এ লক্ষ্যে ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার, কাগজবিহীন প্রশাসনিক কার্যক্রম এবং সরকারি সেবার মধ্যে সমন্বয় বাড়ানো সরকারের অগ্রাধিকার।

বিমানবন্দর, স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টগুলোর সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, সীমান্ত ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি মানবাধিকার ও সুরক্ষার বিষয়টিও গুরুত্ব দিতে হবে।

মানব পাচার, অবৈধ অভিবাসন ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে আন্তমন্ত্রণালয় সমন্বয়ের ওপর জোর দিয়ে তিনি বলেন, সীমান্ত ব্যবস্থাপনা কোনো একক সংস্থার দায়িত্ব নয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানে আইওএমের বাংলাদেশ মিশনপ্রধান ড. লরা টম বন্ডে বলেন, অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনায় বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এ খাতে দক্ষ জনবল, কার্যকর ব্যবস্থা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়ানো প্রয়োজন। সরকারের অগ্রাধিকার বাস্তবায়নে আইওএম সহযোগিতা করতে আগ্রহী।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. কামরুল আহসান, উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং এবং ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আইওএমের প্রস্তাবিত কৌশলগত রূপরেখায় সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা, ডিজিটাল ব্যবস্থা ও তথ্য আদান-প্রদান, প্রাতিষ্ঠানিক ও পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নির্বাচিত সীমান্ত পয়েন্টের অবকাঠামো ও সেবার উন্নয়ন—এই চারটি ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: