ফের চীন মৈত্রী সিগন্যাল অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের
পুরোনো গবেষণার মাঠ পুনরুদ্ধারের দাবিতে আবারও রাজধানীর চীন মৈত্রী সিগন্যাল অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সহস্রাধিক শিক্ষার্থী।
বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পতাকা স্ট্যান্ড থেকে মিছিল নিয়ে চীন মৈত্রী সিগন্যালে গিয়ে অবস্থান নেন তাঁরা। এ সময় সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।
এদিকে, সড়ক অবরোধের পাশাপাশি শেরেবাংলা নগরে গণপূর্ত কমপ্লেক্সের সামনে কুশপুত্তলিকা দাহ করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
এর আগে মঙ্গলবার শিক্ষক-শিক্ষার্থীদের মতবিনিময় সভায় সব পর্যায়ের পরীক্ষা বর্জন এবং বেলা ১১টার পর সব ধরনের ক্লাসে অংশ না নেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। পরে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে সব ব্যাচের শিক্ষার্থীরা একত্র হয়ে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত রয়েছে।
গত ২৭ অক্টোবর পুরোনো বাণিজ্য মেলার মাঠ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি দাবি করে তা হস্তান্তরের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ওই দিন মাঠে সচিবালয় নির্মাণের জন্য মাটি পরীক্ষার যন্ত্রপাতি ও গাড়ি ক্যাম্পাসে নিয়ে আসেন তাঁরা।
পরদিন মেলা বন্ধের আলটিমেটাম দেওয়ার পর মাঠের বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। ২৯ অক্টোবর সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। একই দিন জাতীয় যুবমেলাসহ সব ধরনের মেলা স্থগিতের ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
তবে মাঠের স্থাপনা অপসারণ না করা এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা দায়েরের প্রতিবাদে গত ২ নভেম্বর মাঠটি চাষ করে নিজেদের দখলে নেন আন্দোলনকারীরা। এরপরও দাবি আদায় না হওয়ায় নতুন করে সড়ক অবরোধে নামেন তাঁরা।


