শিরোনাম

South east bank ad

বিএমইউতে নিউরো রিহ্যাবিলিটেশন কর্মশালা

 প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন   |   অন্যান্য

বিএমইউতে নিউরো রিহ্যাবিলিটেশন কর্মশালা
স্ট্রোক, স্পাইনাল কর্ড ইনজুরি, ট্রমাটিক ব্রেন ইনজুরি ও অন্যান্য স্নায়বিক রোগে আক্রান্ত ব্যক্তিদের কার্যক্ষমতা পুনরুদ্ধার এবং পুনর্বাসনসেবা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) নিউরো রিহ্যাবিলিটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের সম্মেলনকক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। এতে সভাপতিত্ব করেন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুর।

বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে এবং জেনারাস কো. লিমিটেডের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) সহায়তা দেয়।

কর্মশালার মূল লক্ষ্য ছিল নিউরো রিহ্যাবিলিটেশন ক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্য পেশাজীবীদের অভিজ্ঞতা বিনিময়, আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধি এবং দেশে সমন্বিত ও রোগীকেন্দ্রিক পুনর্বাসনসেবা সম্প্রসারণের পথ সুগম করা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. তসলিম উদ্দিন, সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক ড. ভ্যালেরি এ টেলর এবং জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি মরিকাওয়া ইয়োকো।

কর্মশালায় বিএমইউ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি), কন্টিনেন্টাল হাসপাতাল, আইচি হেলথকেয়ার গ্রুপ ও জেনারাস কো. লিমিটেডের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে উদ্বোধনী অধিবেশন, গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন কর্মশালাভিত্তিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তারা বলেন, স্ট্রোক ও বিভিন্ন স্নায়বিক রোগে আক্রান্ত ব্যক্তিদের দৈনন্দিন কাজে স্বনির্ভরতা বৃদ্ধি, জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামাজিক জীবনে পুনরায় সম্পৃক্ত হতে নিউরো রিহ্যাবিলিটেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের সেবা রোগীদের দীর্ঘমেয়াদি সুস্থতা ও কার্যক্ষমতা পুনরুদ্ধারে সহায়তা করে।

আয়োজকদের প্রত্যাশা, এ কর্মশালার মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পেশাগত সহযোগিতা আরও জোরদার হবে এবং বাংলাদেশে আধুনিক, সমন্বিত ও রোগীকেন্দ্রিক পুনর্বাসনসেবা সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি হবে।

BBS cable ad